
রাজশাহীর দুর্গাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পানানগর ও কিশোরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পানানগর পূর্বপাড়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে আদম আলী (৫৫) এবং কিশোরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে তাকবির ইসলাম (২২)। তাকবির ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন সন্ত্রাসবিরোধী আইনে দুর্গাপুর থানায় দায়ের করা একটি মামলার তদন্তে আদম আলী ও তাকবির ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ নাশকতার পরিকল্পনা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে পুলিশি প্রহরায় রাজশাহীর আদালতে পাঠানো হয়েছে।

