উত্তরা প্রতিদিন
ঢাকা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

উত্তরা প্রতিদিন বিনোদন ডেস্ক ৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ণ
নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

অভিনয়জীবনের ২৮ বছর পার করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। সম্প্রতি ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। নাটক ও ওয়েবফিল্মেও নিয়মিত কাজ করছেন। তবে এবার অভিনয়ের বাইরে নতুন এক পরিচয়ে সামনে আসার ভাবনা জানালেন দীপা খন্দকার। 

সবকিছু ঠিক থাকলে নতুন বছরেই পরিচালক হিসেবে অভিষেক হতে পারে তার। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের এই পরিকল্পনার কথা জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে ইদানীং মনে হচ্ছে, দুই-তিনটি নাটক পরিচালনা করতে পারলে মন্দ হবে না। গভীরভাবে ভাবছি, সবকিছু মিলে গেলে নতুন বছরেই পরিচালক হিসেবে আমার অভিষেক হবে।’

এদিকে সম্প্রতি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ যুক্ত হয়েছেন দীপা। এর আগে একই নির্মাতার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

‘ফিরে আসার গল্প’-এ অবশ্য শুরুতে অন্য একটি চরিত্রে অভিনয়ের কথা ছিল দীপার। সেই চরিত্রে অভিনয় করছেন রোজী সিদ্দিকী। আর বর্তমানে দীপা যে চরিত্রে অভিনয় করছেন, সেটিতে আগে ছিলেন সুমাইয়া শিমু। চোখের অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ান সুমাইয়া। এরপর নির্মাতার অনুরোধে মাত্র দুই ঘণ্টার মধ্যে নতুন চরিত্রটির জন্য প্রস্তুত হন দীপা খন্দকার। আপাতত অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

Read more — বিনোদন
Home