উত্তরা প্রতিদিন
ঢাকা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভিউ ‘সাইফিউশন অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ণ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভিউ  ‘সাইফিউশন অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিবিষয়ক আয়োজন ‘ভিইউ সাইফিউশন ২০২৬’। বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

 

এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সকাল ৯টা ৫০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশল স্কুলের ডিন অধ্যাপক ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের ডিন অধ্যাপক ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের কনভেনর ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. হাজেরা খাতুন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান এবং সায়েন্স ক্লাবের উপদেষ্টা সদস্য ও এনএফই বিভাগের প্রভাষক উম্মে সালমা নাহিদা।

 

উদ্বোধনের পর সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দুপুর ১টা পর্যন্ত আইকিউভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা, ধারণা ও উদ্ভাবনী চিন্তাভাবনা পোস্টারের মাধ্যমে উপস্থাপন করেন।

 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্নারে একই সময়ে অনুষ্ঠিত হয় প্রজেক্ট শোকেসিং ও সায়েন্টিফিক ফটোগ্রাফি প্রতিযোগিতা। প্রজেক্ট শোকেসিংয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা প্রদর্শন করেন। অন্যদিকে, সায়েন্টিফিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় স্থিরচিত্রের মাধ্যমে বিজ্ঞান, প্রকৃতি ও চারপাশের নানা বিষয় তুলে ধরেন প্রতিযোগীরা।

দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি ছিল। এর আগে প্রতিযোগিতাগুলোর নির্ধারিত কার্যক্রম সম্পন্ন হয়।

 

উত্তরাস / এ এম

Read more — উত্তরাঞ্চল
Home