
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের মধ্যেই ডুমুরিয়ায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তরিকুল ইসলাম শেখ (৩৫) স্থানীয় ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তরিকুল বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, দুপুরে বাগেরহাট-মোংলা সফর শেষে খুলনায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ও অবস্থানকালে এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এর আগে গত ১ ও ২ নভেম্বর খুলনায় চারজন হত্যাকাণ্ডের শিকার হন। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
উত্তরা / এ এম

