
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সুদের টাকার চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা পৌর শহরের ২ নম্বর রেলগেট এলাকার রেললাইনে পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধার পৌর শহরের পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তাহার থেকে আসা পদ্মরাগ লোকাল ট্রেনটি গাইবান্ধা শহরের ২ নম্বর রেলগেট পার হওয়ার সময় হঠাৎ আবু বক্কর সিদ্দিক ট্রেনের সামনে লাফ দেন। এতে শরীরে বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়। ঘটনাস্থলে মারা যান তিনি। এসময় স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের ভাগ্নে রশিদুল ইসলাম বকুল বলেন, স্থানীয় এক দাদন ব্যবসায়ির কাছে মামা সুদের ওপর ঋাণ নিয়েছিলেন। সেই ব্যক্তি কয়েক সপ্তাহ থেকে সুদের টাকার জন্য চাপ দিচ্ছিল। মামা সুদসহ আসল টাকা পরিশোধের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।
গাইবান্ধা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। নিহতের পকেট থেকে কয়েকজনের নাম লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরা / এ এম

