
স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদরাসার এক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতন করেছে, অথচ এখনো ক্ষমা চায়নি বা অনুশোচনা প্রকাশ করেনি, সেই দলকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ গুম-খুন করে দেশ ছেড়ে পালিয়েছে। শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে এবং মসজিদ রক্তাক্ত করেছে। এ দলকে আর এ দেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। আমাদের মধ্যে মতপার্থক্য ও বিভক্তি থাকতে পারে, কিন্তু এ ব্যাপারে আমরা একমত, এ দেশে ফ্যাসিবাদী শক্তিকে ফিরতে দেওয়া হবে না।’
সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে।’
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘একটি শক্তি আন্দোলনের নামে ফ্যাসিবাদের পথ সুগম করতে চায়। তারা ইসলামের কথা বলে রাজনীতি করলেও শরিয়াহ আইন চায় না। তাদের মধ্যে ইসলামের কিছু নেই, শরিয়াহভিত্তিক মূল্যবোধ নেই।’

