
দীর্ঘ ২৪ বছর ভারতের জার্সিতে খেলেছেন শচিন টেন্ডুলকার। হয়েছেন ইতিহাসের অন্যতম ব্যাটার। দুই যুগের ক্যারিয়ারে ব্যাট হাতে করেছেন সর্বাধিক ৩৪ হাজার ৩৫৭ রান। তিন সংস্করণ মিলিয়ে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে করেছেন সেঞ্চুরির সেঞ্চুরি।
দীর্ঘ এই ক্যারিয়ারে দুই দফা অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন ভারতের। তবে কখনোই সেভাবে সাফল্য পাননি তিনি। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ‘আস্ক মি এনিথিং’ (এএমএ) সেশনে অংশ নিয়ে ভারতের অধিনায়কত্বের সময়কার অভিজ্ঞতা তুলে ধরেছেন শচিন। একই সঙ্গে জানিয়েছেন, তার পছন্দের ভারতীয় অধিনায়ক কারা।
প্রশ্নের জবাবে শচিন বলেন, ‘দলের অধিনায়ক হওয়াটা ছিল অনেক সম্মানের। তবে আপনার সবসময় স্বাধীনতা থাকে না দল নির্বাচন করার।’ তার অধিনায়কত্বের সময় ভারত একটি অন্ধকার যুগের মধ্য দিয়েও গেছে বলে মন্তব্য করেন এই কিংবদন্তী।
নিজের অধিনায়কত্বকে সেভাবে বড় করে না দেখলেও নিজের পছন্দের অধিনায়কের নাম অবশ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার পছন্দের অধিনায়কদের তালিকায় সৌরভ গাঙ্গুলি ও এমএস ধোনি অবশ্যই সবার ওপরে থাকবে।’
ধোনির অধিনায়কত্বে নিজের স্বপ্নপূরণ করেন শচিন। ২০১১ সালে নিজের অধরা ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতেন তিনি ভারতের হয়ে ঘরের মাটিতে। অন্যদিকে, ২০০৩ বিশ্বকাপে গাঙ্গুলির নেতৃত্বে রানার্সআপ হয়েছিল ভারত।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বেরও প্রশংসা করেছেন শচীন। তার মতে, বাভুমা সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছেন।
শচীন বলেন, ‘টেম্বা বাভুমার মানসিকতাকে আমি সত্যিই শ্রদ্ধা করি। সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে অসাধারণ কিছু ফল এনে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার আইসিসি শিরোপা জয় বিশ্ব ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার।’
এদিকে ২০২৬ সালের দুলিপ ট্রফিতে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশিকে পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েও নিজের মত জানিয়েছেন শচিন। তার মতে, এত কম বয়সে এমন দায়িত্ব দেওয়া একটু তাড়াহুড়ো হয়ে যায়। লাল বলের ক্রিকেটে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দিয়ে ধাপে ধাপে এগিয়ে নেওয়া উচিত তরুণ এই ক্রিকেটারকে।
উত্তরা / এ এম

