উত্তরা প্রতিদিন
ঢাকা

বিগত সরকারের প্রত্যেকটা অন্যায়ের বিচার এই মাটিতেই হবে: সমাজকল্যাণমন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ণ
বিগত সরকারের প্রত্যেকটা অন্যায়ের বিচার এই মাটিতেই হবে: সমাজকল্যাণমন্ত্রী

বিগত সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জনগণের সম্পদ লুটপাট করেছে এবং সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার চালিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে যারা জনগণের অধিকার হরণ করেছে, তাদের কোনোভাবেই দায়মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, অতীতে যত অন্যায় ও অপকর্ম করা হয়েছে, প্রতিটি অন্যায়ের বিচার এই বাংলার মাটিতেই হবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের সম্পদ লুণ্ঠন, জনগণের সঙ্গে প্রতারণা এবং মানুষের ওপর নির্যাতনের জন্য প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, আমাদের চুপচাপ ও শান্তিপূর্ণ অবস্থান দেখে কেউ যেন মনে না করেন, এ দেশের মানুষ আপনাদের অতীত কর্মকাণ্ড ভুলে গেছে। জনগণ সবকিছু মনে রেখেছে। এমনকি আপনারা যদি জনগণের কাছে দুই হাত তুলে, করজোড়ে ক্ষমা চাইতেন, তাহলেও জনগণ বিবেচনা করত আপনাদের ক্ষমা করা যায় কি না। তাই আরেকটি জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, দয়া করে আস্ফালন করবেন না, উসকানিমূলক বক্তব্য দেবেন না এবং জনগণকে বিপথগামী করার চেষ্টা করবেন না। দেশের মানুষ এখন শান্তি ও স্থিতিশীলতা চায়। জনগণের আবেগ ও ধৈর্যকে দুর্বলতা মনে করার কোনো কারণ নেই। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।

এ সময় দিনাজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন,জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

উত্তরা / এ এম 

Read more — জাতীয়
Home