
প্রশাসনের আশ্বাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। টানা দুই দিনের কর্মবিরতি শেষে বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন। শুক্রবার সকাল থেকে পুনরায় কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের পরিচালকের সঙ্গে কয়েক দফা আলোচনার পর ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করতে সম্মত হন।
তিনি আরও বলেন, ইন্টার্ন ডাক্তারদের যেসব দাবি ছিলো তা তিনটি মেনে নেওয়া হয়েছে। বাকি দুটি আনসার সদস্য সংখ্যা বৃদ্ধি ও ঔষধ সরবরাহের বিষয়টি নিজেদের হাতে না থাকায় সময় নেওয়া হয়েছে।
জানা যায়, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট নিরসন এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে বুধবার সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ২৫২ জন ইন্টার্ন চিকিৎসক। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়। দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
রোগী ও তাঁদের স্বজনেরা জানান, হাসপাতালে ওষুধের সংকটের পাশাপাশি চিকিৎসকদের কর্মবিরতির কারণে তাঁরা বিপাকে পড়েন। কেউ কেউ বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন। আর্থিক সামর্থ্য না থাকায় অনেক দরিদ্র রোগীকে হাসপাতালেই দুর্ভোগ পোহাতে হয়।
আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকেরা জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনে আনসার সদস্যদের অবহেলার কারণে চিকিৎসকদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও হুমকির মুখে পড়তে হচ্ছে।
তাদের অভিযোগ, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ বাড়ছে। সীমিত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ঘাটতির কারণে রোগীদের যথাযথ সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
চলমান দুই দিনের কর্মবিরতি চিকিৎসা সেবা ব্যহত ও হয়রানি হওয়ায় রেগীর স্বজনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

