উত্তরা প্রতিদিন
ঢাকা

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ণ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী

অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন তিনি। এদিন সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছে। রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, গত কয়েকদিন ধরেই মন্ত্রী অসুস্থতাবোধ করছিলেন। মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে তিনি অসুস্থতা বোধ করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তিনি নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে দেশে ফেরেন।

বুধবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।

এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে ছুটে যান রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, স্বাস্থ্য সচিব ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন প্রমুখ।

Read more — উত্তরাঞ্চল
Home