উত্তরা প্রতিদিন
ঢাকা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর রাজশাহী

মাদ্রাসা মাঠে জনসভার প্রস্তুতি
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর রাজশাহী

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন করে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজশাহীজুড়ে। নগরীর অলিগলি থেকে রাজপথ—সবখানেই চলছে প্রস্তুতির ব্যস্ততা। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা আয়োজন, নগরীর সৌন্দর্যবর্ধন, সড়ক সংস্কার ও নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ নানা কার্যক্রমে ব্যস্ত সংশ্লিষ্ট দপ্তর ও রাজনৈতিক নেতাকর্মীরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নগরবাসী। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফরকে ঘিরে রাজশাহীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) এক দিনে দেশের তিনটি বিভাগ সফরের অংশ হিসেবে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, তিনি নগরীর রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন। পরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নাগরিক সমাবেশ ও জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। একই সঙ্গে ইক্ষুচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণের কর্মসূচিও রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ এখন প্রস্তুতির অন্যতম কেন্দ্রবিন্দু। মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, দেয়াল রং করা, আশপাশের সড়ক সংস্কার এবং মঞ্চ নির্মাণের কাজ এগিয়ে চলছে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, সড়ক বিভাজক ও বিভিন্ন স্থাপনার সৌন্দর্যবর্ধনেও নেওয়া হয়েছে উদ্যোগ। জনসভা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন, সিটি করপোরেশন ও রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় চলছে।

গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় তিনি মাঠের অবস্থা, নিরাপত্তাব্যবস্থা ও আয়োজনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং প্রস্তুতির কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়া, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনও মাঠের প্রস্তুতি ঘুরে দেখেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, মাঠসংলগ্ন সড়ক সংস্কার ও মঞ্চ নির্মাণের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত শেষ করতে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলোকে তৎপর থাকতে দেখা গেছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সিদ্ধান্তে তাঁরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর আগমন রাজশাহীবাসীর জন্য আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখার জন্য নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তিনি বলেন, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠন, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সফর সফল করার কাজ চলছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, সড়ক বিভাজকের আইল্যান্ড রংকরণ ও রাস্তাঘাট সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে রংপুর ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহীতে পৌঁছাবেন। দুপুরে নগরীর রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন। পরে বেলা ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নাগরিক সমাবেশ ও জনসভায় যোগ দেবেন। কর্মসূচি শেষে চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন তিনি।

এক দিনের এই সফরে রাজশাহীর রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও কৃষি খাতও গুরুত্ব পাচ্ছে। দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ইক্ষুচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণের কর্মসূচি সফরে ভিন্ন মাত্রা যোগ করেছে। ফলে জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাকর্মীদের আগ্রহের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে কাজ করছেন সংশ্লিষ্টরা। এখন অপেক্ষা ২০ অক্টোবরের। ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা, পূজামণ্ডপ পরিদর্শন ও কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীর রাজনৈতিক ও সামাজিক পরিসরে নতুন আলোচনার জন্ম দেবে—এমন প্রত্যাশা আয়োজকদের।

Read more — উত্তরাঞ্চল
Home