
উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে একটি বিমানে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তাঁর চিকিৎসা চলবে।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রামেক হাসপাতাল থেকে তাঁকে বিমানবন্দরে নিয়ে যান রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিমানবন্দরে সাংবাদিকদের মিলন জানান, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে দেওয়া ওষুধের ব্যবহারে সম্ভাব্য ত্রুটির কারণে তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় বলে ধারণা করা হচ্ছে। এ কারণে গত কয়েক দিন ধরে তাঁকে রক্ত দিতে হচ্ছিল।
তিনি আরও জানান, অসুস্থতার মধ্যেই প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ভূমিমন্ত্রীকে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে হয়েছিল। এতে তাঁর শারীরিক পরিশ্রমও হয়েছে। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন। মন্ত্রীও রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়।
মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে দেখতে হাসপাতালে যান।

