উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজশাহী বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। স্ট্যান্ড রিলিজের এই নির্দেশ পাওয়ার পরপরই মঙ্গলবার তিনি রাজশাহী ত্যাগ করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ঘটে যাওয়া ঘটনার কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ধারণ করা একটি ভিডিওতে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়িয়ে এক হাত দিয়ে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করতে দেখা যায়। যা সরকারি প্রটোকল ও আচরণবিধির সুস্পষ্ট ব্যত্যয় হিসেবে বিবেচিত হয়। বিমানবন্দরের এই আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি উপস্থিত শীর্ষ কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। এছাড়া ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর প্রত্যাহারসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মাঠ প্রশাসনের এক কর্মকর্তা জানান, সরকারের উচ্চপর্যায়ের সফরকালে নির্ধারিত নিরাপত্তা, সম্মান ও প্রটোকল কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনকালে প্রটোকল লঙ্ঘন করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়। এই ঘটনার মাধ্যমে সিভিল সার্ভিসের নিয়মকানুন ও পেশাদারত্বের বিষয়টিতে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত হলো।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, প্রত্যাহারের নির্দেশ পাওয়ার পর মঙ্গলবার রাতেই দায়িত্ব ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন ইউসুফ আলী। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে নগরের তালাইমারী এলাকা অতিক্রম করতে দেখা যায়। পরে তিনি ঢাকায় পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত আগস্টে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব নেন ইউসুফ আলী। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বিভাগীয় কমিশনার হিসেবে বিভাগের আট জেলার প্রশাসনিক কার্যক্রম সমন্বয়, উন্নয়ন কার্যক্রম তদারকি ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তিনি।

দুই মাসের মাথায় তাঁকে প্রত্যাহার করা হলেও রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Read more — উত্তরাঞ্চল
Home