উত্তরা প্রতিদিন
ঢাকা

ঝামেলা এখন এনজয় করি: পরীমনি

উত্তরা প্রতিদিন বিনোদন ডেস্ক ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ণ
ঝামেলা এখন এনজয় করি: পরীমনি
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি

রূপালি পর্দার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কের জেরে প্রায়শই খবরের শিরোনামে থাকেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার পর পরীমনিকে জড়িয়ে কিছু ভুয়া ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ওই সংবাদমাধ্যম হ্যাকিংয়ের কথা জানিয়ে দুঃখ প্রকাশ করলেও বিতর্ক ও আলোচনা থামেনি। বিষয়টি নিয়ে শুরুতে চুপ থাকলেও পরবর্তীতে সোচ্চার হন অভিনেত্রী।

এবার সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে নিজের স্পষ্ট অবস্থান ও সাহসিকতার কথা তুলে ধরলেন তিনি। সোমবার একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পরীমনি।

বারবার নিজের জীবনে বিভিন্ন ঝামেলা ও বিতর্ক তৈরি হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই বাঁচব। এটা আমি মেনে নিয়েছি। এখন আর খারাপ লাগে না, বরং এনজয় করি।’

ফেসবুক লাইভে এসে অপরাধীদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ জানানোয় অনুরাগীরা তার প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে পরীমণি জানান, যখন সবাই তার সাহসের সম্মান জানায়, তখন তিনি আরও বেশি শক্তি পান এবং বুঝতে পারেন যে তিনি সঠিক পথেই আছেন।

এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হেনস্তার ঘটনা সমাজে দিন দিন আশঙ্কাজনক হারে বেড়ে চলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। এ বিষয়ে কঠোর সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। আমার মতো মানুষের হয়তো এসব গায়ে লাগানোর কথা নয়, তাই প্রথম তিন-চার দিন আমি পাত্তা দিইনি। কিন্তু যখন দেখলাম এটা আর এভয়েড করার মতো জায়গায় নেই, তখন বাধ্য হয়ে কথা বলেছি। কিন্তু আমার মতো সেলিব্রিটি না হয়ে কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে এমনটা ঘটলে সে হয়তো আত্মহত্যার পথও বেছে নিত, এমন বহু খবর আমরা দেখেছি। তাই এই সাইবার অপরাধ ও হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়া ভীষণ জরুরি।’

Read more — বিনোদন
Home