
বেশ কিছুদিন বিরতির পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। ‘আলো’ নামের একটি সিনেমার জন্য নতুন গান গেয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল।
গত বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং করেন মনির খান। দীর্ঘ বিরতির পর সিনেমার গানে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই শিল্পী।
এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’
মনির খানের কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও রয়েছে তার পরিচিতি। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমার গানে তার অংশগ্রহণ সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
‘আলো’ সিনেমার গানটি নিয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশা, মনির খানের কণ্ঠ ও কবির বকুলের কথার সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে। তবে গানটি কবে প্রকাশ পাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক।
অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশকিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিচ্ছেন এই শিল্পী।

