উত্তরা প্রতিদিন
ঢাকা

তানোরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

উত্তরা প্রতিদিন তানোর প্রতিবেদক ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
তানোরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

রাজশাহীর তানোরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মঙ্গলবার ভোরে কোনো এক সময় একতলা ভবনের একটি দোকানঘরে স্থাপিত দলীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করে বলেন, ‘সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারাই আমাদের দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছে। কলমা ইউনিয়নে আমাদের কয়েকটি দলীয় কার্যালয় আছে। এর মধ্যে আজিজপুরের এটিই সবচেয়ে বড় ছিল। এ জন্য এটিকেই টার্গেট করে পুড়িয়ে দেওয়া হয়েছে।’

কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শেষ রাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে কোনো নেতার বক্তব্যও পাওয়া যায়নি।

Read more — রাজনীতি
Home