উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীর বিমানবন্দরে দুটি গ্রেনেড, আতঙ্কে মন্ত্রীকে বের করা হলো বিকল্প পথে

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
রাজশাহীর বিমানবন্দরে দুটি গ্রেনেড, আতঙ্কে মন্ত্রীকে বের করা হলো বিকল্প পথে

রাজশাহীর হযরত শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে পড়ে থাকা দুটি গ্রেনেড ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এক পথচারী গ্রেনেড দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাকে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়। পরে গ্রেনেড সদৃশ বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেন বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহী পৌঁছান জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখান থেকে তার বগুড়ায় যাওয়ার কথা ছিল। মন্ত্রী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করার সময় বেলা ১১টার দিকে প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে দুটি গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। পরে তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। মন্ত্রীকে বিষয়টি জানিয়ে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে বের করে দেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

এদিকে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়।

পুলিশ জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরও গ্রেনেড সদৃশ বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Read more — উত্তরাঞ্চল
Home