
দীপাবলি ও কালীপূজার রাতে আতশবাজি ও পরিবেশ দূষণের ভয়াল থাবায় বিদ্ধ ভারতের একাধিক শহর। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে আদালতের কড়া নির্দেশনা এবং পরিবেশবাদীদের সতর্কতা সত্ত্বেও কালীপূজার রাতে দেদারসে বাজি ফেটেছে পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতাজুড়ে। একই সময়ে দেশটির রাজধানী নতুন দিল্লিজুড়ে চলেছে বাজি ফাটানোর উৎসব, যার পরিণতিতে বাতাস পৌঁছেছে বিষাক্ত পর্যায়ে। দীপাবলির বাজিসংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত ও দিল্লিতে এক শিশু প্রাণ হারিয়েছেন।
কালীপূজার রাতে গোটা কলকাতাজুড়ে রাতভর বাজির উপদ্রবে অতিষ্ঠ ছিলেন প্রবীণ ও সাধারণ নগরবাসী। পরিবেশ সংগঠনগুলোর অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার কারণেই এবার শহরের অলিগলিতে নিষিদ্ধ ও অতিরিক্ত শব্দবাজি ফাটানোর প্রবণতা বেশি ছিল।
তবে নগর পুলিশের সদর দপ্তর লালবাজার এই নিষ্ক্রিয়তার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। পুলিশি সূত্রের পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়:
গ্রেপ্তার (বেআইনি বাজি): কালীপূজার রাতে বেআইনি বাজি ফাটানোর অভিযোগে মোট ২০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে (গত বছর এই সংখ্যাটি ছিল ১৮৩ জন)।
বাজেয়াপ্ত বাজি: উৎসবের রাতে বাজেয়াপ্ত করা হয়েছে ২৩৮ কেজি অবৈধ বাজি (গত বছর বাজেয়াপ্তের পরিমাণ ছিল ৮৫২.৪৫ কেজি)।
অসংযত আচরণের দায়: উৎসব চলাকালীন বিশৃঙ্খলা ও অসংযত আচরণের অভিযোগে আরও ৩৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ অভিযান ও গ্রেপ্তারের দাবি করলেও, বাস্তব চিত্র বলছে দূষণ নিয়ন্ত্রণের আইনি সীমা ছাড়িয়েছিল শহরের বহু এলাকার শব্দ ও বায়ুমানের সূচক।
কলকাতা যখন বাজি ও শব্দের সঙ্গে লড়াই করছে, কলকাতার পাশাপাশি ভারতের রাজধানী দিল্লিও তখন রীতিমতো গ্যাসের চেম্বারে পরিণত হয়েছে। প্রতিবারের মতো এবারও নিষেধাজ্ঞা অমান্য করে দীপাবলির রাতে দিল্লিতে চলেছে দেদার বাজি ফাটানো।
এর প্রভাবে বাতাসের মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) মারাত্মক ‘উদ্বেগজনক’ (Severe) স্তরে পৌঁছে যায়। রাতেই দেখা যায় কলকাতায় বাতাশের মান ৫০০ পেরিয়ে যায় বেশকিছু এলাকায়। অন্যদিকে সকাল হতেই গোটা শহর ঘন ধোঁয়াশায় ঢেকে যায় গোটা দিল্লি। চোখের জ্বলুনি ও শ্বাসকষ্ট নিয়ে বহু মানুষকে হাসপাতালে ছোটছুটি করতে দেখা গেছে। পরিবেশবিদদের মতে, বাজির বিষাক্ত রাসায়নিক ধোঁয়া ও শীতের শুরুতেই বাতাসে আর্দ্রতা বৃদ্ধির ফলে বিষাক্ত কণাগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি জমে লাল সংকেত জারি করেছে।
উৎসবের আনন্দ একাধিক পরিবারে ডেকে এনেছে মর্মান্তিক বিষাদ। দিল্লির নরেলা এলাকায় বাজি ফাটানোর সময় অগ্নিকাণ্ড ও অসাবধানতার কারণে প্রাণ হারিয়েছেন দশ বছরের ঋষি নামের একটি শিশু। পরিবারের সঙ্গে বাজি ফাটানোর সময় একটি বাজি আকাশে ওড়ার বদলে উড়ে এসে শিশুটির বুকে আঘাত করে ফেটে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলো ঘোষণা করে।
এ ছাড়াও দেশব্যাপী বাজি থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন বহু মানুষ। কলকাতার ও মেদিনীপুরে বাড়িতে জ্বালানো দীপাবলির প্রদীপ থেকে ও বাজি থেকে তিনটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উত্তরা / এ এম

