
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রামেক শাখার সভাপতি ডা. শুভ সরকার ও সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা। ইন্টার্নশিপে ফেরার আবেদন নিয়ে আজ মঙ্গলবার সকালে তারা পরিচালকের কার্যালয়ে গিয়ে বৈঠকে বসেন। বিষয়টি জানাজানি হলে চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে ওই দুই নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইন্টার্নশিপের স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় কাজে যোগদানের অনুমতি চেয়ে হাসপাতাল পরিচালকের কাছে আবেদন করেছিলেন ওই দুই ছাত্রলীগ নেতা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার একটি ডিসিপ্লিনারি কমিটির বৈঠক হয়। বৈঠকে তাদের ইন্টার্নশিপের স্থগিতাদেশ বহাল রাখা বা প্রত্যাহারের বিষয়ে আগের সিদ্ধান্ত প্রদানকারী কমিটির মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বৈঠক শেষ হলেও তারা পরিচালকের কার্যালয়ে অবস্থান করছিলেন।
এদিকে তাদের পরিচালকের কক্ষে অবস্থানের খবর ছড়িয়ে পড়লে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে কার্যালয়ের সামনে জড়ো হন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও এসআরবি সদস্যরা হাসপাতালে যান। পরে হাসপাতাল পরিচালকের অনুরোধে পুলিশ ওই দুই নেতাকে আটক করে নিজেদের হেফাজতে নেন। তাদের পুলিশি গাড়িতে তোলার সময় উত্তেজিত শিক্ষার্থীরা মারধর ও ডিম নিক্ষেপ করেন। এসময় পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়ান শিক্ষার্থীরা।
রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি এস এম তপু বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ এর আগে বিভিন্ন সময়ে নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতাল পরিচালকের কক্ষে বৈঠক করছিলেন। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় চিকিৎসক ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পরিচালকের কার্যালয় ঘেরাও করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির দাবি জানাচ্ছি।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ছাত্রলীগের ওই দুই নেতা ইন্টার্নশিপ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে পরিচালকের কাছে আবেদন করেছিলেন। এ বিষয়ে ডিসিপ্লিনারি কমিটির বৈঠক হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তাদের ইন্টার্নশিপ স্থগিতের বিষয়ে আগের কমিটির মতামত প্রয়োজন। সেই সিদ্ধান্ত জানিয়ে পরিচালক বৈঠক শেষ করেন। কিন্তু তারা কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে তারা পরিচালকের কক্ষে ঢুকে পড়েন। পরে পরিচালক রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে জানালে পুলিশ এসে তাদের আটক করে।
তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মো. গাজিউর রহমানের বলেন, ‘ছাত্রলীগের ওই নেতাকর্মীদের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ পুলিশের কাছে ছিল। হাসপাতাল থেকে গ্রেপ্তার করে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

