উত্তরা প্রতিদিন
ঢাকা

ঢাকায় পদায়ন পেতে ইইডি প্রকৌশলীদের ডিও লেটারের হিড়িক!

সরকারি আদেশ উপেক্ষা
উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ণ
ঢাকায় পদায়ন পেতে ইইডি প্রকৌশলীদের ডিও লেটারের হিড়িক!

সরকারি আদেশ উপেক্ষা করে ঢাকায় লাভজনক পদায়ন পেতে মন্ত্রী-এমপিদের ডিও লেটার (আধা-সরকারি পত্র) জোগাড় করে তদবিরে নেমেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) দুই প্রকৌশলী। তারা আওয়ামী লীগ সরকারের আমলেও লাভজনক পদে ছিলেন। আবার অন্তর্বর্তী সরকারের আমলেও থেকেছেন ঢাকায়। এখন বিএনপি সরকারের এমপিদের ডিও লেটার নিয়ে আবারও ঢাকায় ফিরতে মরিয়া।

অথচ গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে সরকারি চাকরিজীবীদের বদলি ও পদোন্নতি পেতে তদবির করাকে ‘বিধিমালা লঙ্ঘন’ ও ‘অসদাচরণ’ হিসেবে উল্লেখ করা হয়। কেউ তদবির করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। অথচ সরকারের সেই নির্দেশনা উপেক্ষা করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তিন প্রকৌশলী।

ডিও লেটার নেওয়া দুই প্রকৌশলী হলেন- অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী প্রকৌশলী (সিভির) মো. মনিরুজ্জামান মনি ও শেরপুরের সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশফিকুর রহমান।

দুই প্রকৌশলীর মধ্যে বেশি তদবির করছেন ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি। তার ঢাকায় পদায়নের জন্য একজন প্রতিমন্ত্রী ও একজন সংসদ সদস্য শিক্ষা মন্ত্রণালয়ে মাত্র এক দিনের ব্যবধানে একই ভাষায় ডিও লেটার দিয়েছেন। বিষয়টি নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা।

দুই দিন আগে শিক্ষা মন্ত্রণালয় যেসব প্রকৌশলীর আওয়ামী-সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগেই সেই প্রকৌশলীকে বদলির জন্য প্রধান প্রকৌশলীর কাছে ঢাকায় পদায়নের সুপারিশ করা হয়েছে, যা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে ব্যাপক তোলপাড় চলছে।

একই দিনে দুর্নীতি তদন্ত ও পদায়নের দুই চিঠি!

সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি ঢাকা মেট্রো কার্যালয়ে কর্মরত ছিলেন। সেসময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এক ঠিকাদারের কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েও কাজ না দেওয়ায় তিনি ইইডির প্রধান প্রকৌশলীকে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগ তদন্তে গত ২৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা-৩ থেকে ইইডির প্রধান প্রকৌশলীর কাছে একটি চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, আওয়ামী সরকারের আমলে দুর্নীতিবাজ সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি ও সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) আবু সাঈদ আকন্দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ বিষয়ে খতিয়ে দেখার জন্য ইইডিকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠির সঙ্গে প্রয়োজনীয় পেপার কাটিং ও তথ্যপ্রমাণও মন্ত্রণালয়ের চিঠিতে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, একই দিনে অর্থাৎ ২৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ইইডির প্রধান প্রকৌশলীর কাছে আরেকটি চিঠি পাঠানো হয়। সেখানে চারজন সহকারী প্রকৌশলীকে ঢাকায় বদলির বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনিও।

ওই চিঠিতে বলা হয়, জাতীয় সংসদের সদস্যদের আধা-সরকারি পত্র (ডিও লেটার) ও আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অবাক করার বিষয় হলো যেদিন প্রকৌশলী মনিরুজ্জামান মনির আওয়ামী লীগ-সংশ্লিষ্টতা খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে, সে দিনই প্রাইজ পোস্টিংয়েরও (লাভজনক পদায়নের) চিঠি দেওয়া হয়েছে।

বিপরীতমুখী দুটি আদেশে সই করেছেন মন্ত্রণালয়ের উন্নয়ন-৩ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান। জানতে চাইলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চিঠি দুটি দিয়েছি। কেন, কী কারণে; তা বলা আমার পক্ষে সম্ভব নয়।’

মনিরুজ্জামানের জন্য প্রতিমন্ত্রী-এমপির সুপারিশ

মনিরুজ্জামান মনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি ঢাকায় পদায়ন পেতে গত ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন। আবেদনে তিনি নিজের চিকিৎসা, চাকরিজীবী স্ত্রী, বৃদ্ধ বাবা-মা ও পরিবারের পরিস্থিতি বিবেচনায় তাকে ঢাকায় পদায়নে অনুরোধ জানান।

এরপর তার পক্ষে গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে ডিও লেটার দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই বিষয়ে ২ সেপ্টেম্বর ডিও লেটার দেন সংসদ সদস্য ইকরামুল বারী টিপু। তিনিও মনির চিকিৎসা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় বদলির সুপারিশ করেন।

আরও দুই প্রকৌশলীর বদলিতে তদবির

সহকারী প্রকৌশলী শাকিল আহমেদ ফেনী সদর থেকে ইইডি ঢাকা মেট্রোতে ২০২১ সালের ৬ এপ্রিল পদায়ন পান। এরপর ২০২৬ সালে তাকে পটুয়াখালীতে পদায়ন করা হয়। সেটিও ছিল পদোন্নতির কারণে। কিন্তু তিনি আবারও ঢাকায় ফিরতে মরিয়া।

সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশফিকুর রহমান ঢাকা সার্কেল অথবা ঢাকা মেট্রোতে পদায়ন চান। এজন্য তিনি কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের ডিও লেটার নিয়েছেন।

সরকারি আদেশ উপেক্ষা করে তদবির

গত ১৭ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের চাকরি-সংক্রান্ত তদবির বন্ধে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের পক্ষে বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ চাকরিসংক্রান্ত নানা বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করছেন। এ ধরনের তদবির সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর পরিপন্থি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের শামিল।

এতে আরও বলা হয়, কোনো সরকারি কর্মচারীর পক্ষে বাইরের কেউ অনাকাঙ্ক্ষিত তদবির করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা গ্রহণপূর্বক দাপ্তরিক নথিতে সংরক্ষণ করবে।

এমন নির্দেশনা বহাল থাকার মধ্যেই ইইডির প্রকৌশলীদের বদলির জন্য একাধিক ডিও লেটার শিক্ষা মন্ত্রণালয়ে জমা পড়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, ‘বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখা হবে। কোনো সিদ্ধান্ত ভুল হয়ে থাকলে, তা পুনর্বিবেচনা করা হবে।’

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যমকে বলেন, ডিও লেটারের মাধ্যমে তদবির করার বিষয়টি নয়ে সরকার খুবই কঠোর। ইতিমধ্যে সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে সরকার ব্যবস্থা নেবে।

Read more — সারাদেশ
Home