রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, 'খেলাধুলার সুযোগ বাড়াতে রাজশাহী মহানগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে।'
শুক্রবার (২০ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালযয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে অনুষ্ঠিত হাফ ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক আরো বললেন, নগরীর ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
‘রান ফর গ্রিন সিটি’ স্লোগানে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে এই হাফ ম্যারাথনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতাটি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে। এরপর কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে আবার প্যারিস রোডে এসে শেষ হয়।
রিটন বলেছেন, দৌড় শুধু মানুষকে সুস্থ রাখে না, জীবনের প্রতিটি কাজেও গতি সঞ্চার করে। খেলাধুলার মাধ্যমেই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। রাজশাহী রানার্স কমিউনিটি নিয়মিত এমন আয়োজন করায় তিনি সংগঠনটির সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি বললেন, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই স্লোগান সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন। প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণের নির্দেশনাও দিয়েছেন তিনি। এর ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
আয়োজকেরা জানালেন, সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি গঠনের লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরে দৌড়বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজশাহী রানার্স কমিউনিটি। এরই ধারাবাহিকতায় হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। নিয়মিত দৌড় ও শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য।
রাজশাহী রানার্স কমিউনিটির সভাপতি ও রেস ডিরেক্টর পিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এবং সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান। এ ছাড়া উপস্থিত ছিলেন ম্যারাথনের রেস কো-অর্ডিনেটর অধ্যাপক আমিরুজ্জামান ও রেস মার্শাল কে এম আরিফ হোসেন। রানার্স কমিউনিটির অন্য সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
উত্তরা / এ এম


