প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা আটকে রাখা এবং বিভিন্ন উপকরণ কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি কেনাকাটা-সংক্রান্ত বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছেন দুদক কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিটিসির অধ্যক্ষের কার্যালয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এক প্রশিক্ষণার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়েছে। প্রশিক্ষণ ভাতা আটকে রাখা এবং প্রশিক্ষণের উপকরণ কেনাকাটায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা যাচাই করা হয়েছে।
প্রশিক্ষণ ভাতা না দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকারি বরাদ্দের ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া হয়। কয়েকটি প্রশিক্ষণের ক্ষেত্রে বরাদ্দ না পাওয়া কিংবা বরাদ্দের অর্থের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় (ল্যাপস) ভাতা দেওয়া সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে এসব ভাতা পরিশোধ করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযোগে নির্দিষ্ট কোনো আর্থিক অনিয়মের পরিমাণ উল্লেখ করা হয়নি জানিয়ে দুদকের এ কর্মকর্তা বলেন, রাজশাহী টিটিসিতে ওয়েল্ডিং ও কম্পিউটার অপারেশনসহ প্রায় ২১টি ট্রেড চালু রয়েছে। প্রতিটি ট্রেডের জন্য উপকরণ কেনাকাটায় বরাদ্দ থাকে। এসব কেনাকাটার প্রক্রিয়া যাচাই করে বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র পর্যালোচনা শেষে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, বর্তমানে টিটিসিতে প্রায় ২১টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। গত কয়েক মাসে কয়েকটি ট্রেডের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি। এ কারণে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া সম্ভব হয়নি। বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে তাঁদের ভাতা পরিশোধ করা হবে।


