ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন।
অপহরণকারীদের দাবির মুখে মোট ২ লাখ ১৭ হাজার টাকা দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ফেরেন তিনি। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন।
তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তিনি।
মনিরুল হক ফরাজী বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে আলোর সংকেত দেন। সামনে এগিয়ে তারা দেখতে পান সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে।
কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে। গাড়ি থেকে নামানোর পর তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। একই সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।
তিনি আরও বলেন, তাকে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাটতে বাধ্য করে অপহরণকারীরা। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাকে হাঁটানো হয়। পরে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে তারা। একপর্যায়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে নগদ ২ লাখ ১৭ হাজার টাকা ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় পৌঁছান মনিরুল হক ফরাজী।
তার ভাষ্য, শুরুতে হামলাকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন তাকে আটকে রেখেছিল। তাদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। ঢাকায় ফিরে চিকিৎসা নিয়েছেন। তবে এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে।
এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন, এমন খবর পাওয়ার পর তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে তিনি ফিরে এসেছেন বলে খবর পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উত্তরা / এ এম


