রাজশাহীর দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে পৌর সদরের দেলুয়াবাড়ী শাখায় এ ঘটনা ঘটে। তবে আগুনে ব্যাংক কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর কার্যালয়ের বাইরের গ্রিলের গেটে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তাদের চেষ্টা ব্যর্থ হয়।
ঘটনার সময় ব্যাংক কার্যালয়ের ভেতরে একজন নৈশপ্রহরী ও একজন অফিস সহায়ক দায়িত্বে ছিলেন। তাঁরা রাত আড়াইটা পর্যন্ত জেগে দায়িত্ব পালন করেন। পরে তাঁরা ঘুমিয়ে পড়লে ভোররাতের দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখা ব্যবস্থাপক আয়শা সিদ্দিকা বলেন, রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কি না, তা তিনি নিশ্চিত নন। তবে ব্যাংকের দরজার সামনে কে বা কারা তেলজাতীয় তরল পদার্থ ঢেলে রেখে গেছে। নৈশপ্রহরীরা ভোররাতে ঘুমিয়ে পড়ায় তাঁরাও বিষয়টি বুঝতে পারেননি। সকালে পুলিশ এসে কার্যালয় পরিদর্শন করেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ব্যাংকের গ্রিলের গেটে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


