বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন
রাজশাহীতে কৃষি সচিব

সার বিতরণে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
সার বিতরণে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকের কাছে সঠিক সময়ে, নির্ধারিত দামে ও নির্বিঘ্নে সার পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য। সার বিতরণে গাফিলতি, অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বরাদ্দ পাওয়ার পরও কোনো ডিলার সার উত্তোলন না করে সংকট সৃষ্টির চেষ্টা করলে তাঁর ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন আয়োজিত কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি সচিব মো. সেলিম খান বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকারকে বিব্রত করতে সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডিলারদের বরাদ্দ অনুযায়ী যথাসময়ে সার উত্তোলন ও কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো ডিলার ব্যক্তিগত, রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থে সার আটকে রাখলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিলারদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সার পরিবহনের খরচ প্রতি কেজিতে ২ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা করেছেন। তাই কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সার বিক্রয়কেন্দ্র খোলা রাখতে হবে। নির্দিষ্ট দিনে মাইকে ঘোষণা দিয়ে সার বিতরণের নামে কৃষকদের ভোগান্তিতে ফেলা যাবে না। কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রতিদিন সার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিক্রয়কেন্দ্রে মজুতের পরিমাণ ও সরকার নির্ধারিত মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

কৃষি সচিব বলেন, কৃষির উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্য রপ্তানির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২৬টি জেলায় সার বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৬৪ জেলায় মনিটরিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কোথাও সার নিয়ে সমস্যা দেখা দিলে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারের সুষম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হয় এবং সরকারি ব্যয় বাড়ে। তাই কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে, বিশেষ করে ব্লক পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হবে। ফসলের চাহিদা অনুযায়ী পরিমিত ও সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।

সারের প্রকৃত চাহিদা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, শুধু ফসল উৎপাদন নয়, মৎস্য চাষ, পোলট্রি, ডেইরি, ফুল ও ফলের বাগানের চাহিদাও বিবেচনায় নিতে হবে। অনুমাননির্ভর চাহিদা না পাঠিয়ে বাস্তবসম্মত তথ্য দিতে হবে। সার সরবরাহ ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কৃষক কার্ড প্রসঙ্গে কৃষি সচিব বলেন, সরকার পর্যায়ক্রমে আড়াই কোটি কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে। চলতি বছর ৪৩ লাখ কৃষককে এ কার্ড দেওয়া হবে। আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী প্রায় তিন লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন। কৃষক কার্ড প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প।

রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিবি ও এসআরবির প্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, সার ডিলার প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।