বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান: আইজিপি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান: আইজিপি
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

সার্কিট হাউসের সামনে তিনি বলেন, আজ পর্যন্ত এখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আগামীতে আরও ভালো হবে। আপনারা এখানকার শান্তিপ্রিয় মানুষেরা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি না।

দুটি থানা পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, থানা কাদের জন্য? থানা তো আপনাদের জন্যই। এখন আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি আইন মান্যকারী নাগরিক না হোন, পুলিশকে সহায়তা না করেন... ধরেন এখানে ১০ লাখ মানুষ আছে; থানায় পুলিশ আছে ২০ জন। আপনারা যদি তাদের সার্বিক সহযোগিতা না করেন, তাহলে তারা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান যে পুলিশের দরকার নেই তাহলে আপনারা যা ইচ্ছা করেন।

এর আগে, সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে সকালে গোপালগঞ্জে আসেন আইজিপি। তার সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। তারা শহরের সার্কিট হাউসে অবস্থান নেন। সেখানে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও ছিলেন। তারা এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। বিকেলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

উত্তরা / এ এম