রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার করিশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার বাবার নাম কোঁকড়া।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে ঘুম ভাঙে তাঁর ছেলে মো. নবাব আলীর। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পানের বরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


