রাজশাহীতে এক রাতেই দুটি বাসে অগ্নিসংযোগ, রেললাইনে আগুন এবং নগরীর দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে নগরীর আম চত্বর, শিরোইল ও কোর্ট এলাকা এবং জেলার চারঘাট উপজেলায় এসব ঘটনা ঘটে। এতে দুটি বাস পুড়ে গেছে। তবে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হননি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে নগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাস দুটি পুড়ে যায়।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
এর আগে রাত ১১টা ১৫ মিনিটের দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ওই পথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি ঘটনাস্থলে আটকা পড়ে।
স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। রেললাইনে কোনো ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা পরীক্ষা করতে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম জানান, নন্দনগাছী স্টেশনের পূর্বদিকে বাগমারী এলাকায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা রেললাইনে আগুন দেয়। রাত ১২টা ৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে একই রাতে রাত ১২টার দিকে নগরীর শিরোইল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কার্যালয় এবং কোর্ট এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


