রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী। আগামী ২৮ নভেম্বর (শনিবার) নগরীতে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে। তাকে ঘিরে মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর নানকিং দরবার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের কর্মসূচি ও প্রস্তুতির কথা জানান ওলামা মাশায়েখ পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগম হতে পারে। মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করছেন। মাহফিলে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।


