বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মসজিদটির সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।




এর আগে আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়—মসজিদে সংঘর্ষের ঘটনায় আসামির ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই করতে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মতো গুরুত্বপূর্ণ স্থানে মারামারির ঘটনায় কোনো ব্যক্তি বা দলীয় প্ররোচনা আছে কি না, তা খতিয়ে দেখতে, অপরাধ সংঘটনে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, তা তদন্ত করতে, সংঘর্ষে জড়িত ও নেতৃত্বদানকারীদের পরিচয় উদ্ঘাটনে, ঘটনার পেছনের পরিকল্পনা এবং উদ্দেশ্য অনুসন্ধানে, আহত ব্যক্তিদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় দায় নির্ধারণসহ মামলার অন্যান্য আসামিদের পরিচয় উদ্ঘাটন ও সংশ্লিষ্টতা যাচাই করতে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর এক প্রবাসফেরত ব্যবসায়ী জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে আঘাত করে নিচে নামান এবং হাত থেকে মাইক কেড়ে নেন।

উপস্থিত মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে আরেক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তাঁর চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া আসামিরা বাদীর শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেন এবং পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যান। ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা এলাকার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর খতিবের পদ থেকে তাকে অপসারণ করা হয়।


উত্তরা / এ এম