বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

পুঠিয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি

উত্তরা প্রতিদিন পুঠিয়া প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
পুঠিয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
ভুক্তভোগী সাংবাদিক মো. মিজানুর রহমান
রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা, গালাগাল, মোবাইল ফোন ছিনতাই ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন দৈনিক উত্তরা প্রতিদিনের পুঠিয়া প্রতিবেদক মো. মিজানুর রহমান। এ ঘটনায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযুক্ত শফিকুল ইসলাম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

জিডি সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মিজানুর রহমান মোল্লাপাড়া বাজারের নূরুননবী রুবিনা হোটেলে যান। এ সময় সেখানে উপস্থিত হয়ে শফিকুল ইসলাম তার ছেলের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তিনি সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং তার মোবাইল ফোন কেড়ে নেন।

পরে শফিকুল ইসলাম আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। এ সময় অভিযুক্ত ও তাঁর সহযোগীরা সাংবাদিককে মারধর করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।