বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

জুলাইয়ে কিশোর মোতালিব হত্যা: সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
জুলাইয়ে কিশোর মোতালিব হত্যা: সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলায় চৌদ্দ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মো. সাঈদ খোকনকে (৫৬) জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।


এর আগে সকালে গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যার কিছুক্ষণ আগে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে কিশোর মোতালিব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের (রমনা জোনাল টিম) পরিদর্শক মো. সুজন হক।

আবেদনে বলা হয়, স্বৈরাচারী সরকারের পতনের পরও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনা করেছেন। পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে তার এখনো যোগাযোগ রয়েছে এবং তিনি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ব্যাপক পরিকল্পনা করছেন বলে তদন্তে উঠে এসেছে।

আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে, অন্যান্য আসামিদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং পলাতক আসামিদের বর্তমান অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তারসহ অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ ছাড়া সাঈদ খোকনের আশ্রয়দাতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা, আসামিদের বর্তমান আস্তানা ও দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য উদ্ঘাটন করতে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডে নেওয়ার ওই আদেশ দেন আদালত।

২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। আন্দোলনে থাকা অবস্থায় তার বুকে ও গলায় গুলি লাগে। এতে মারা যায় মোতালিব।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।



উত্তরা / এ এম