রাজশাহীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন যাত্রী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
আজ মঙ্গলবার সকালে এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অস্ত্র পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সিটিহাট বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ রাখার বাক্সে একটি ফলের কার্টুন পাওয়া যায়। পরে কার্টুন খুলে কাপড়ে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, চেকপোস্টের বিষয়টি টের পেয়ে বাসটি সেখানে পৌঁছানোর আগেই এক সন্দেহভাজন যাত্রী কৌশলে পালিয়ে যান।
বাসের সুপারভাইজার জানান, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
পলাতক যাত্রীর পরিচয় শনাক্ত ও তাঁকে আটকের জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।


