বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

বাঘায় ভেজাল গুড় উৎপাদন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

উত্তরা প্রতিদিন বাঘা প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
বাঘায় ভেজাল গুড় উৎপাদন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

রাজশাহীর বাঘায় ভেজাল আখের গুড় উৎপাদনের দায়ে নাসির সরকার নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উৎপাদিত ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়।


আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত নাসির সরকার ওই এলাকার মৃত আফাজ সরকারের ছেলে।


জানা যায়, নাসির সরকার নিজ বাড়িতে কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে চিনি, মোনালিসা, বিভিন্ন ধরনের রাসায়নিক, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে রোববার সকালে উপজেলা প্রশাসন ও বাঘা থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ভেজাল আখের গুড় উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অন্যন্যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় নাসির সরকারকে এক লাখ টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে উৎপাদিত ভেজাল গুড় ও তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।


অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অন্যন্যা বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।


তিনি আরও বলেন, ভেজাল গুড় উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান ও তদারকি কার্যক্রম চলবে।