
চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মীম আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করে রবিবার (১ নভেম্বর) আদালতে সোপর্দ করেছে পুলিশ।
ডবলমুরিং থানার ওসি আরিফ ফয়সাল বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, শনিবার ভোর রাতে মীমকে অগ্নিদগ্ধ অবস্থায় তার পরিবারের সদস্যরা উদ্ধার করে চমেক হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করান। শনিবার রাত সাড়ে ১০টার দিতে মারা যান তিনি। আজ সকালে মীমের বাবা খোকন মিয়া থানায় মামলা করেন।
পরে অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি মেহেদীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মীম ৩ বছর বয়সী এক কন্যা সন্তানের জননী। প্রথম বিয়ে বিচ্ছেদের পর মাস চারেক আগে মেহেদীর সঙ্গে তার বিয়ে হয়। তারা ডবলমুরিং থানার নাজিরপুল আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন।
সম্প্রতি মেহেদীর পর নারীর প্রতি আসক্তি টের পেয়ে বৃষ্টির সঙ্গে প্রায় সময় কথা কাটাকাটি হত। সবশেষ শনিবার ভোর সাড়ে ৪টায় মেয়ের চিৎকার শুনে খোকন মিয়া ও পরিবারের সদস্যরা গিয়ে দেখেন বৃষ্টির গায়ে আগুন জ্বলছে। মেহেদী তখনও ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। পরে বৃষ্টির মা-বাবা বৃষ্টিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বৃষ্টির বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলা তেতৈয়া ইউনিয়নে।
স্বামী মেহেদী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের বকুল তলার চিশতী সওদাঘর বাড়ির তরিকুল ইসলামের ছেলে।
উত্তরা / এ এম

