উত্তরা প্রতিদিন
ঢাকা

ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ণ
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
ভারতের কোচ নওশাদ মুসা-সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশের শক্তি নিয়ে প্রতিপক্ষ শিবিরেও আলোচনা চলছে। ঢাকায় পা রেখেই স্বাগতিকদের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে অভিহিত করলেন ভারতের কোচ নওশাদ মুসা। শুধু প্রশংসাই নয়, টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার প্রত্যাশাও জানালেন তিনি। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও শিরোপা ধরে রাখার লক্ষ্য থেকে সরছে না ৯ বারের চ্যাম্পিয়ন ভারত। এবার তাদের চোখ দশম ট্রফিতে।

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছেছে ভারত জাতীয় ফুটবল দল। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রশংসা করেন কোচ নওশাদ। তার মতে, এবারের আসরে সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ। নওশাদ বলেন, ‘আমার বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। আশা করি, ফাইনালে তাদের মুখোমুখি হব।’

বাংলাদেশকে এগিয়ে রাখলেও শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত। যদিও এবারের দলে নেই জাতীয় দলের বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়। অপেক্ষাকৃত তরুণ ও অনভিজ্ঞদের নিয়ে ঢাকায় এসেছে তারা। মূল জাতীয় দলের কোচ খালিদ জামিলের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মুসা। ২৮ সদস্যের দলে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের খেলোয়াড়ই বেশি।

একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারতের মূল জাতীয় দল। অন্যদিকে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) চলায় ক্লাবগুলো থেকেও শুরুতে সব খেলোয়াড়কে পাচ্ছেন না নওশাদ। ফলে প্রথম ম্যাচে পূর্ণ শক্তির দল মাঠে নামানো কঠিন হবে ভারতের জন্য।

এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও দল নিয়ে হতাশ নন ভারতীয় কোচ। তার বিশ্বাস, এই দলেও শিরোপা ধরে রাখার সামর্থ্য রয়েছে। নওশাদ বলেন, ‘কয়েকজন খেলোয়াড়কে প্রথম ম্যাচের আগে পাচ্ছি না। এটা একটা চ্যালেঞ্জ। তবে যে দলটি পেয়েছি, সেটিও খারাপ নয়। সত্যি বলতে, আমাদের শক্তিশালী দল আছে।’

তারপরও ভারতের এই দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপেও অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এসেছিল তারা। সেবার ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে ভারত। এর আগে সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকেও ১-০ গোলে হারিয়েছিল ভারত। অর্থাৎ তারকাদের বাইরে রেখেও সাফ জয়ের অভিজ্ঞতা রয়েছে তাদের।

সাফে ভারতের সাফল্যের ইতিহাসও বেশ সমৃদ্ধ। ১৯৯৩ সালে প্রথম শিরোপা জয়ের পর ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সব মিলিয়ে ৯বারের শিরোপাজয়ী ভারত এবার ঢাকায় এসেছে দশম ট্রফির স্বপ্ন নিয়ে। সর্বশেষ ২০২৩ সালে ফাইনালে কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি।

তবে সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স আশাব্যঞ্জক। সর্বশেষ গত বছরের ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০২৫ সালের মার্চে ভারতের মাঠে দুই দলের লড়াই শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে।

আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মাঠে নামবে দুই দল। বিকাল সাড়ে তিনটায় ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। আর রাত ৮টায় স্বাগতিক বাংলাদেশ লড়বে ভুটানের বিপক্ষে।

Read more — খেলাধুলা
Home