
মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। সংকটের প্রভাব সামাল দিতে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
এ বিষয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বৈঠকের তথ্য জানানো হয়।মানচিত্র দেখুন
বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে এর প্রভাব এবং সরবরাহ সংকট মোকাবিলায় দুই দেশের নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তায় অর্থনীতির ওপর তৈরি হওয়া চাপ কমানোর উপায় নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতির প্রতিকূলতার মধ্যেও জ্বালানি সরবরাহ সচল রাখতে তাঁর দেশের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন। সংকটের প্রভাব মোকাবিলার পাশাপাশি সাধারণ মানুষকে স্বস্তি দিতে নির্দিষ্ট খাতে জ্বালানি ভর্তুকি দেওয়ার বিষয়টিও বাংলাদেশের অর্থ উপদেষ্টাকে জানান তিনি।
অন্যদিকে বাংলাদেশের জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ এবং নতুন করে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো তুলে ধরেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।

