উত্তরা প্রতিদিন
ঢাকা

ইসরায়েলে কবে গঠিত হবে নতুন সরকার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ণ
ইসরায়েলে কবে গঠিত হবে নতুন সরকার

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোনো পক্ষই ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি।

ফলে নতুন সরকার গঠন নিয়ে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী কয়েক সপ্তাহ বিভিন্ন দলের মধ্যে দর-কষাকষি ও জোট গঠনের আলোচনা চলতে পারে। সমঝোতা না হলে আবারও নির্বাচনের মুখে পড়তে পারে ইসরায়েল। খবর আলজাজিরার।

চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর পক্ষে থাকা দলগুলো পেয়েছে মোট ৫৩টি আসন। এর মধ্যে তার দল লিকুদ পেয়েছে ২৭টি আসন। ইউনাইটেড তোরাহ জুডাইজম ও ওতজমা ইয়েহুদিত পেয়েছে সাতটি করে আসন। শাস পেয়েছে ছয়টি এবং রিলিজিয়াস জায়োনিজম পেয়েছে ছয়টি আসন।

 

 

অন্যদিকে নেতানিয়াহুবিরোধী ইহুদি দলগুলোর জোট পেয়েছে ৪৮টি আসন। এর মধ্যে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। বি’ইয়াচাদ পেয়েছে ১২টি, দ্য ডেমোক্র্যাটস আটটি এবং ইসরায়েল বেইতেনু সাতটি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে বাকি ১৯টি আসন। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১১টি এবং রা’আম আটটি আসন পেয়েছে।

নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করে আগামী ৪ নভেম্বরের মধ্যে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে জমা দেওয়ার কথা। নতুন পার্লামেন্টের সদস্যদের শপথ নেওয়ার কথা ১০ নভেম্বর। এরপর ১১ নভেম্বরের মধ্যে প্রেসিডেন্ট একজন সংসদ সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেবেন। সাধারণত দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে যার সরকার গঠনের সম্ভাবনা বেশি, তাকেই এ দায়িত্ব দেওয়া হয়।

 

প্রথমে নেতানিয়াহু অথবা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট এ দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিরোধী জোটের মধ্যে আইজেনকটের দল সবচেয়ে বেশি আসন পেয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব নেতৃত্বাধীন কয়েকটি দল আইজেনকটকে সমর্থন দেওয়ার কথা বিবেচনা করছে। এতে সরকার গঠনের দৌড়ে তিনি কিছুটা এগিয়ে থাকতে পারেন।

 

তবে বিরোধী জোটের নেতারা অতীতে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছিলেন। যদিও রা’আমের নেতা মনসুর আব্বাস বিরোধী শিবিরের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনও নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করার পক্ষে অবস্থান জানিয়েছেন।

প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যেতে পারে। প্রথম প্রার্থী ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কাউকে দায়িত্ব দিতে পারবেন। সেই প্রচেষ্টাও ব্যর্থ হলে পার্লামেন্টের সদস্যরা তৃতীয় কাউকে মনোনীত করতে পারবেন। তার জন্য সময় থাকবে ১৪ দিন।

এতেও সমাধান না হলে পার্লামেন্ট ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে। এর মধ্যে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। ফলে জোটের সংখ্যাগরিষ্ঠতা হারালেও আরও কয়েক মাস ক্ষমতায় থাকার সুযোগ রয়েছে তার।

 

 

উত্তরা / এ এম 

Read more — আন্তর্জাতিক
Home