উত্তরা প্রতিদিন
ঢাকা

জন্মদিনে নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ণ
জন্মদিনে নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

একদিকে জন্মদিনের আয়োজন, অন্যদিকে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। ৭৭তম জন্মদিন উদ্‌যাপন করতে বেরিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাকে দেখতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। এর মধ্যেই গত বৃহস্পতিবার রাতে জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজারের কাছে তার গাড়িবহর নিশানা করে কাচের বোতল ছোড়ার ঘটনা ঘটে। শুক্রবার প্রকাশিত দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে তার গাড়িবহর জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজার এলাকা অতিক্রম করে।তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে সেখানে হাজারো ইসরায়েলি জড়ো হন। গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সাময়িকভাবে লাইট রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িবহর নিশানা করে বোতল ছোড়ার পর নিরাপত্তাকর্মীরা দ্রুত জনতার জন্য তৈরি করা ব্যারিকেড টপকে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করেন। তবে, এ ঘটনার পরও গাড়িবহরের চলাচল স্বাভাবিক থাকে।

বাজার এলাকায় পৌঁছালে নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে জন্মদিনের গান গেয়ে স্বাগত জানান উপস্থিত লোকজন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে নেতানিয়াহুর দল লিকুদের পতাকা এবং ইরানের সিংহ ও সূর্যখচিত পতাকা হাতে দেখা যায়। এসময় নেতানিয়াহুকে ফুলের তোড়া হাতে জনতার দিকে নাড়তে এবং পরে সেটি তাদের দিকে ছুড়ে দিতে দেখা গেছে।

এর আগে, গত বৃহস্পতিবার তেল আবিবের হাতিকভা বাজার পরিদর্শনে গিয়েও বিরূপ পরিস্থিতির মুখে পড়েন নেতানিয়াহু। সেখানে এক ব্যক্তি হামাসকে লাখ লাখ টাকা দেওয়ার কারণ জানতে চেয়ে প্রশ্ন করেন তাকে। ঘটনার ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি ভিডিও ধারণের চেষ্টা করলে সেখানে উপস্থিত লিকুদ সমর্থকেরা তার হাত থেকে ফোন ফেলে দেন এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত জিম্মি গাই ইলুজের বাবা মিশেল ইলুজ, নিহত জিম্মি কারমেল গাতের চাচাতো ভাই গিল ডিকম্যান এবং সাবেক জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে হাতিকভা বাজারে গিয়েছিলেন।সেখানে তাদের ওপর সবজি ছোড়া, বিশ্বাসঘাতক বলার পাশাপাশি গায়ে থুতু দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন জাঙ্গাউকার।পরে, সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। অন্যদিকে, ছেলের মৃত্যুর জন্য নেতানিয়াহুকে দায়ী করে প্রতিবাদ জানাতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন মিশেল ইলুজ।ডেমোক্র্যাটস দলের আইনপ্রণেতা গিলাদ কারিভও ইলুজের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে, তিনি গাই ইলুজকে পরিত্যাগ করার জন্য ইসরায়েলি নেতৃত্বের সমালোচনা করেন। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট। 

Read more — আন্তর্জাতিক
Home