উত্তরা প্রতিদিন
ঢাকা

ইসরায়েলের আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ
ইসরায়েলের আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন

ইসরায়েলের আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন প্রকাশ করেন। রোববার নেতানিয়াহুকে একজন মহান যোদ্ধা প্রধানমন্ত্রী হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প।

গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলের ভেতর থেকেই আসা প্রচণ্ড বিরোধিতার মুখেও নেতানিয়াহু শক্তিশালী, সাহসী এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।’

মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ‘নেতানিয়াহু একজন মহান যোদ্ধা প্রধানমন্ত্রী এবং ৫১ বছরের পুরানো ‘ইসরায়েল নিপাত যাক, আমেরিকা নিপাত যাক! আমরা ছোট শয়তান এবং বড় শয়তানকে ধ্বংস করবত’ স্লোগানধারী ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে লড়াইয়ে শান্তির আরও এক মহান অংশীদার। যেখানে এ ধরনের কথা বলতে দেওয়া হয়, কোনো দেশ কীভাবে টিকে থাকতে পারে? কারণ দিনশেষে এই কথাগুলো সবসময় সত্যি হতে শুরু করে।’

তিনি আরও যোগ করেন, ‘সামরিক ও সামাজিকভাবে তাদের নিয়মতান্ত্রিকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তারা যদি দ্রুত নিজেদের পথ পরিবর্তন না করে, তবে আমরা খুব শীঘ্রই কাজ শেষ করব। ইসরায়েল যদি ভুল নেতা বেছে নেয়, নেতানিয়াহু ছাড়া অন্য যে কেউ হতে পারেন তবে আমেরিকাকে নিজ দায়িত্বে এই কাজ করতে হবে, যা আমি নিজে করতে মোটেই আগ্রহী নই।’

ট্রাম্প আরও বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার এই লড়াইয়ে নেতানিয়াহুর প্রতি আমার পূর্ণাঙ্গ ও সর্বাত্মক সমর্থনের স্মারক হিসেবে এই বার্তাটি বিবেচনা করুন। নেতানিয়াহু আপনাকে কখনো হতাশ করবেন না।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা বজায় রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

Read more — আন্তর্জাতিক
Home