
নওগাঁর পত্নীতলা উপজেলায় পবিত্র কুরআনের হাফেজদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পত্নীতলা উপজেলা শাখা। রোববার সকালে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে কৃতিত্বের সঙ্গে হিফজ সম্পন্নকারী হাফেজদের এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা সভাপতি আজফারুল হক। এসময় তিনি বলেন, পবিত্র কুরআনের হাফেজরা কেবল একটি পরিবারের নয়, বরং পুরো জাতির গর্ব ও সম্পদ। তাদের যথাযথ সম্মান, মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, আদর্শ ও কুরআনমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রশিবির নেতা, পত্নীতলা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং ঘোষনগর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার ফারুক। তিনি বলেন, হাফেজে কুরআনদের সম্মান করা মানে ইসলামের মর্যাদা রক্ষা করা। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আব্দুল মান্নানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীজন ও অভিভাবকবৃন্দ।
সকাল ১০টায় শুরু হওয়া এ সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানটি এক উৎসবমুখর, আবেগঘন ও ধর্মীয় অনুপ্রেরণায় ভরপুর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইএফ/

