
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. সাদেক (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম হোসেন ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেন।
মৃত সাদেক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টা ১৮ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। একজনের মৃত্যু হয়েছে। ফলে বর্তমানে হাসপাতালে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে রোগীর অবস্থা গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, শরীর ও মাথাব্যথা, বমি কিংবা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

