
বৃষ্টি ও প্রচণ্ড রোদে মুসল্লিদের দুর্ভোগ কমাতে রাজশাহীর ভদ্রা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে নতুন টিনের ছাউনি নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে জানাজার মরদেহ রাখার সুবিধাও হবে এই ছাউনির নিচে।
রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের তরুণ নেতা বিপ্লব রহমান নাঈমের উদ্যোগে ছাউনিটি নির্মাণ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদ্রা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দৌলতি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক-২ মো. গোলজার হোসেন, সহ-সভাপতি মোসলেম উদ্দিন, প্রচার সম্পাদক মো. শাহজাহান আলী সেন্টু, উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুর রশিদ ও মোহাম্মদ নজরুল ইসলাম এবং মসজিদের ইমাম হাফেজ মো. সাইফুল ইসলামসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ কারী মোহাম্মদ আনোয়ার হোসেন।
স্থানীয় মুসল্লিরা জানান, ঈদগাহ ময়দানে ঈদের নামাজ ও জানাজার সময় বৃষ্টি কিংবা তীব্র রোদে তাদের নানা সমস্যায় পড়তে হতো। বিশেষ করে জানাজার মরদেহ রাখার জন্য নির্দিষ্ট ছাউনি না থাকায় দুর্ভোগ পোহাতে হতো স্বজনদের। নতুন ছাউনিটি নির্মাণের ফলে এখন বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষার পাশাপাশি জানাজার মরদেহ রাখা এবং নামাজের আগে মুসল্লিদের অপেক্ষার ক্ষেত্রে সুবিধা হবে।

