
ডেঙ্গু প্রতিরোধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব।’
আজ রোববার রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে ‘৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা তৈরি করলেই হবে না, মশা নিধনে সরকারকে দ্রুত বাস্তব কর্মসূচি নিতে হবে। মানুষের জীবন রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ পালনের ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের কাছে সরকারি বরাদ্দ নেই, আমরা নিজেদের ও শুভাকাঙ্ক্ষীদের দেওয়া টাকা দিয়ে নেমেছি। সরকার জনগণের টাকার দায়িত্বে, জনগণের ট্যাক্সের টাকার পাহারাদার। সরকারকে নামতে হবে, জনগণের দায়িত্ব নিতে হবে। সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব।’
জামায়াত আমির আরও বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, বীমা করপোরেশন ও শেয়ারবাজার মাটির সঙ্গে হামাগুড়ি খাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দিনদুপুরে বিভিন্ন রকম অপকর্ম খোদ রাজধানীতেই চলছে—যেখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। রাজধানীর অবস্থা থেকে বোঝা যায়, সারা দেশের অবস্থা কী। তিনি উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সেই সরকারের দরকার নেই।
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। এ বিষয়ে সরকারের ব্যর্থতা স্বীকার করা উচিত।
বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গুর টিকা রয়েছে উল্লেখ করে সরকারিভাবে টিকা আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে সরকারি উদ্যোগ না থাকলে বেসরকারিভাবে ডেঙ্গুর টিকা আনার সুযোগ করে দেওয়ার কথাও বলেন তিনি।
মেজর (অব.) আখতারুজ্জামানের বিষয়ে শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামান কথা বলেছেন ভুক্তভোগী ও দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা প্রবাসীদের জন্য, যাঁদের ব্যাগ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়। তিনি এসবের প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে তরিঘড়ি করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
আখতারুজ্জামানকে অপমান করার জন্য হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি আরও বলেন, ‘আমরা এসবের নিন্দা ও ধিক্কার জানাই। আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নন, সারা বাংলাদেশের ভুক্তভোগী নির্যাতিত মানুষের নেতা হয়ে উঠেছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার চরম ব্যর্থ হয়েছে। হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর জায়গা হয় না। দেশবাসীকে ডেঙ্গু রোগ থেকে বাঁচাতে আমরা সারা দেশে কর্মসূচি পালন করছি। আমরা এ জাতির দায়িত্ব গ্রহণ ও পালনে জনগণের পাশে দাঁড়াব। সরকার পারছে না, দেশের নাগরিক হিসেবে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিমসহ অনেকে।

