উত্তরা প্রতিদিন
ঢাকা

রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ
রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারজিনা বেগম (৫৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন আটজন। আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।

মারা যাওয়া মারজিনা বেগম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন মারজিনা বেগম। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ডেঙ্গু শক সিন্ড্রোমে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৩৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে রামেক হাসপাতালে মোট ১৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, শরীর ও মাথাব্যথা, বমি কিংবা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Read more — উত্তরাঞ্চল
Home