
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) মেডিসিন ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, কেক কাটা, বেলুন ও পায়রা উড়ানো এবং বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।
আ রোববার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমী, ড্যাবের উপদেষ্টা ও রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ড্যাবের সহসভাপতি ডা. মো. মোফাখখারুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও ড্যাবের দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ড্যাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহযোগী অধ্যাপক ও ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. শেখ মুহাম্মাদ আতিকুর রহমান সুজন।
মেডিসিন ক্লাবের রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মাহবুবুল হাসানের সভাপতিত্বে সেমিনারে চিকিৎসাশিক্ষা, চিকিৎসাসেবা এবং মেডিকেল শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ চিকিৎসকদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও জনসেবার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে। রোগীর প্রতি দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে চিকিৎসাসেবার মান আরও উন্নত করার ওপরও গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিসিন ক্লাবের রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক আহমদ শফী শরীফ। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মেডিসিন ক্লাবের এক দশকের পথচলা উদ্যাপন করেন সংগঠনের সদস্যরা।

