বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

নাটোরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ

উত্তরা প্রতিদিন নাটোর প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
নাটোরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে চাপিলা ইউনিয়নের চৌদ্দ মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সঙ্গে কার্যালয়ের শাটারে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। বিস্ফোরণ ও আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
চাপিলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল নয়ন বলেন, রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনে তিনি ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। বিএনপি কার্যালয়ের পাশেই তার বসতবাড়ি। পরে বাইরে এসে তারা কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। এ সময় কার্যালয়ের শাটারে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার বিষয়টিও তাদের নজরে আসে।
তিনি আরও বলেন, খবর পেয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে আসেন। পুলিশ বিস্ফোরিত ককটেলের খোসা এবং কেরোসিন বহনে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বলেন, গুরুদাসপুর থানা পুলিশের মাধ্যমে আমরা চাপিলা ইউনিয়নের স্থানীয় বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পেরেছি।
ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।