রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ভবনের নিচতলার কাচের ফিটিং ও জানালা ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রাস্তার পাশ থেকে ব্যাংক ভবন লক্ষ্য করে পরপর দুটি ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে। এতে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ্ মখদুম থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কাঁচের বোতলে করে দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল। এতে ভবনের নিচতলার কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র কিংবা কোনো সম্পদের ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


