বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন
২৩ মৃত্যুর ১৬ জনই দুই জেলার

ঘরে ঘরে ডেঙ্গুর হানায় বিপর্যস্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ

প্রতি তিনটি বাড়ির একটিতে এডিসের লার্ভা
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
ঘরে ঘরে ডেঙ্গুর হানায় বিপর্যস্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

একজন জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা করে জানা গেল ডেঙ্গু। হাসপাতালে নেওয়ার পর শুরু হলো চিকিৎসা। এরই মধ্যে আক্রান্ত হলেন পরিবারের আরেক সদস্য। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরতে না ফিরতেই নতুন করে হাসপাতালে ছুটতে হচ্ছে অন্য কাউকে। এভাবেই রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বহু পরিবারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর সংক্রমণ। কোথাও একই পরিবারের কয়েকজন আক্রান্ত, কোথাও একের পর এক সদস্য হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্বজনদের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম অনেক পরিবারের। ভুক্তভোগীদের কাছে ডেঙ্গু এখন এক দীর্ঘ ও ক্লান্তিকর যুদ্ধ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ননদকে দেখতে এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা মরিয়ম। তার স্বামী প্রবাসে থাকেন। শ্বশুর-শাশুড়িসহ পরিবারের প্রায় সব সদস্যই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। বাদ যাননি মরিয়ম নিজেও। পরিবারের একজন সুস্থ হওয়ার আগেই আরেকজন আক্রান্ত হওয়ায় বারবার হাসপাতালে ছুটতে হচ্ছে তাদের।

মরিয়ম বলেন, ‘পরিবারের একজন সুস্থ হতে না হতেই আরেকজন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। ফলে বারবার হাসপাতালে ছুটতে হচ্ছে। এর আগে আমিও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছি। মনে হচ্ছে, ডেঙ্গুর সঙ্গে যুদ্ধ করছি আমরা।’

মরিয়মের পরিবারের এই অভিজ্ঞতা এখন দুই জেলার অনেক পরিবারের বাস্তবতা। ঘরের এক সদস্য থেকে অন্য সদস্যের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে বাড়ির আশপাশে জমে থাকা পানি ও এডিস মশার বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

নগরীর টিকাপাড়া এলাকার বাসিন্দা রায়হান আলী ডেঙ্গুকে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসা নেন। ৩ দিন আগে ছাড় পেলেও হাসপাতাল ছাড়তে পারেননি। কারণ ওইদিনই তার ছোট ভাই আরমান আলী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

রায়হান আলী বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে চিকিৎসা দেওয়ার সময় আমার বড় বোন ও ছোট ভাই দেখাশোনা করেছে। যেদিন আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা তার আগের দিন থেকে ছোট ভাই আরমান জ্বর শুরু হয়। পরীক্ষা করে তারও ডেঙ্গু ধরা পড়ায় এখন তাকে নিয়ে হাসপাতালে আছি। 

রামেক হাসপাতালের পরিসংখ্যানেও দুই জেলার ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ১০ জন, যা মোট মৃত্যুর প্রায় ৪৩ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ছয়জন মারা গেছেন রাজশাহীতে। এ ছাড়া নাটোর ও কুষ্টিয়ায় দুজন করে এবং পাবনা, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন। অর্থাৎ রামেক হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, সর্বশেষ গত মঙ্গলবার বিকেলে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার গৃহিণী বুলু বেগম (৪০)। এর আগে ১ নভেম্বর ডেঙ্গু শক সিনড্রোমে মারা যান চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার রুনা বেগম (৪০)।

তিনি আরও বলেন, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২০ জন। বর্তমানে চিকিৎসাধীন ২০৩ জন।

চাঁপাইনবাবগঞ্জে পরিস্থিতি আরও উদ্বেগজনক। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১১১ জন ডেঙ্গু রোগী। এ ছাড়া বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪০৩ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ২১৪ জনকে। সরকারি হিসাবে জেলায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১০ জন। তবে স্থানীয়দের দাবি, ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে, যাদের হিসাব সরকারি তালিকায় নেই।

রোগীর চাপে ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেঝে ও বারান্দায়ও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। চিকিৎসক সংকটের মধ্যে স্বাস্থ্যকর্মীদেরও অনেকে সংক্রমিত হচ্ছেন। ফলে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডেঙ্গুর এমন বিস্তারের পেছনে এডিস মশার ব্যাপক উপস্থিতির প্রমাণ মিলেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) জরিপে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া, মিস্ত্রিপাড়া, নতুন ইসলামপুর, উদয়ন সংঘের মোড় ও চরজোতপ্রতাপ এলাকায় ১৫০টি বাড়িতে জরিপ চালিয়ে ৫৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। অর্থাৎ পরীক্ষিত প্রতি তিনটি বাড়ির একটিরও বেশি বাড়িতে মিলেছে ডেঙ্গুর বাহক। ঘরের আশপাশে জমে থাকা পানি, অব্যবহৃত পাত্রসহ বিভিন্ন স্থানে এডিস মশার প্রজননের সুযোগ থাকায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

রাজশাহী নগরীতেও এডিসের বিস্তার উদ্বেগজনক। গত ৩ থেকে ১০ আগস্ট কাজিহাটা, চণ্ডীপুর, উপরভদ্রা, নামোভদ্রা ও হাজরাপুকুর এলাকায় জরিপ চালিয়ে ৭৫টি বাড়ির মধ্যে ২৪টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। পরীক্ষিত ৬৮টি পানির পাত্রের মধ্যে ৪৬টিতেই ছিল লার্ভা। এসব পাত্র থেকে সংগৃহীত ৬৮৫টি লার্ভার মধ্যে ৫০৫টি এডিস অ্যালবোপিকটাস এবং ৮৬টি এডিস ইজিপ্টাই প্রজাতির।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী কোনো এলাকায় ব্রেটো সূচক ২০-এর বেশি হলে সেটিকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। সর্বশেষ জরিপে রাজশাহীর ব্রেটো সূচক পাওয়া গেছে ৬১ দশমিক ৩৩। অর্থাৎ নির্ধারিত ঝুঁকিসীমার তিন গুণেরও বেশি। মশার প্রজনন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে।

পরিস্থিতি মোকাবিলায় দুই জেলার প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো বিশেষ কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে মশার প্রজনন বাড়ছে। জলাবদ্ধতা নিরসন ও মশক নিধনে বিশেষ দল কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জানান, পৌর এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে আটটি বিশেষ দল গঠন করা হয়েছে।

সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন জানান, মাইকিংয়ের পাশাপাশি জুমার নামাজে ইমামদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনও (রাসিক) নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চালাচ্ছে। প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় ফগার মেশিনে কীটনাশক স্প্রে করা হচ্ছে। রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন জানান, ফগার স্প্রের পাশাপাশি ব্লকভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন পরিষ্কার ও লার্ভিসাইড ছিটানো হচ্ছে।