বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

রাজশাহীতে দৈনিক সমাচারের সুবর্ণজয়ন্তী উদযাপন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
শেয়ার
রাজশাহীতে দৈনিক সমাচারের সুবর্ণজয়ন্তী উদযাপন

‘সত্য ও নিরপেক্ষতার সাথে পথচলা’ স্লোগানকে ধারণ করে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সমাচারের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।


শনিবার সকালে দৈনিক সমাচারের রাজশাহী অফিসের উদ্যোগে নগর ভবনের সামনে স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরা প্রতিদিন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সকাল ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। হাফেজ হাবিবুল্লাহ কোরআন তিলাওয়াত করেন। আলোচনা শেষে কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।


দৈনিক সমাচারের রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দৈনিক ইত্তেফাকের রাজশাহী স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।


প্রধান অতিথির বক্তব্যে ড. ইফতেখারুল আলম মাসুদ বলেন, একটি সংবাদপত্রের অর্ধশতাব্দী পূর্ণ করা বড় অর্জন। শিক্ষা, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দৈনিক সমাচার ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের অসংগতি তুলে ধরা এবং উন্নয়নের চিত্র মানুষের কাছে পৌঁছে দিতে পত্রিকাটির ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছি।


গোলাম মোস্তফা মামুন বলেন, তথ্যপ্রযুক্তির যুগে মূলধারার সংবাদপত্রের চ্যালেঞ্জ অনেক বেশি। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে পাঠকের আস্থা ধরে রেখে দৈনিক সমাচারের ৫০ বছরে পদার্পণ প্রশংসনীয় অর্জন। বিশেষ করে আঞ্চলিক সংবাদ ও তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে রাজশাহী অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ।


আনিসুজ্জামান বলেন, নিরপেক্ষতা ও সাহসিকতাই একটি সংবাদপত্রের মূল শক্তি। দৈনিক সমাচার দীর্ঘ পাঁচ দশক ধরে মানুষের কথা বলে আসছে। সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় পত্রিকাটির ভূমিকা আরও জোরালো হবে বলে তিনি প্রত্যাশা করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার রাজশাহী স্টাফ রিপোর্টার রিমন রহমান, ডেইলি স্টারের সিনিয়র ফটোসাংবাদিক আজহারউদ্দিন, দৈনিক জনকণ্ঠের স্টাফ ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে আলম মিলন, দৈনিক সোনালী সংবাদের মফস্বল সম্পাদক জগদীশ, দৈনিক সানশাইনের ফটোসাংবাদিক শাহীন, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, রাজশাহী অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক রনি, উত্তরা প্রতিদিন পত্রিকার প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি নাঈম হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, শফিকুল আলম ইমন, ভয়েস বাংলার রাজশাহী প্রতিনিধি মামুন রেজা, সিনিয়র সাংবাদিক সানোয়ার আরিফ, সাংবাদিক সুরুজ ও বিজয়বাংলা নিউজের মাল্টিমিডিয়া স্টাফ জেসিকা শেখসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।